শেষ হলো ডিআরএমসি-বসুন্ধরা ১৫তম জাতীয় বিজ্ঞান উৎসব

৪ ফেব্রুয়ারি, ২০২৪ ২১:০৬  

উৎসব মুখর পরিবেশে আগামীর বিজ্ঞানী ও তরুণ উদ্ভাবকদের পুরস্কৃত করার মধ্যদিয়ে বৃহস্পতিবার শেষ হলো '১৫তম ডিআরএমসি বসুন্ধরা জাতীয় ও কোডেভার আন্তর্জাতিক বিজ্ঞান মেলা-২০২৪। বিকেলে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।

প্রধান অতিথির বক্তব্যে ক্ষুদে শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় উৎসাহ প্রদানের ক্ষেত্রে এ ধরনের মহতী আয়োজনের পৃষ্ঠপোষকতাকে প্রশংসনীয় বলে মন্তব্য করেন মন্ত্রী। ড. ইয়াফেস ওসমান বলেন, এ উৎসব বিজ্ঞানের নতুন নতুন সৃষ্টির ব্যাপারে কৌতূহলী ও অনুসন্ধিৎসু করে তুলবে এবং তোমাদের মাধ্যমে আমাদের দেশ ও জাতি আগামী দিনে হয়ে উঠবে স্বনির্ভর ও উন্নত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ। তিনি উপস্থিত ছাত্র-ছাত্রীদেরকে বিজ্ঞানচর্চায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেদেরকে নিয়োজিত করার আহ্বান জানান।

সমাপনীতে বিশেষ অতিথি ছিলেন কার্নিভাল এর টাইটেল স্পনসর বসুন্ধরা ওয়েল এন্ড গ্যাস কোম্পানি লিমিটেড এর এজিএম মো. সাইফুল ইসলাম রুবেল, প্লাটিনাম স্পনসর সামিট গ্রুপের সহ সভাপতি মোহাম্মদ ফরিদ খান ও প্যারাগন গ্রুপের এমডি মশিউর রহমান।

আরও উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষবৃন্দ, ক্লাবসমূহের প্রধান সমন্বয়ক সহযোগী অধ্যাপক মোহাম্মদ নূরুন্নবী ও বিজ্ঞান মেলার আহবায়ক সহকারী অধ্যাপক মোঃ জাহেদুল হক, সরকারি-বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি, বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার প্রতিনিধি, অভিভাবকমণ্ডলী, প্রতিষ্ঠানের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

চার দিনব্যাপী আন্তর্জাতিক বিজ্ঞান মেলায় ঢাকা মহানগরীসহ সারা দেশের সাড়ে চার শতাধিক স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পাঁচ সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে উৎসবমুখর হয় কলেজ ক্যাম্পাস।

অনুষ্ঠানে আন্তর্জাতিক কোডেভার ৫.০ প্রতিযোগিতায় সেকেন্ডোরি চ্যাম্পিয়ন হয়েছে ডিআরএমসি’র মাল্টি ফাংশনাল রোবট, সিনিয়র গ্রুপে চ্যাম্পিয়ন এনডিসি টিম ইনফিনিট লুপ।

এছাড়াও ম্যাকানিকাল-এ সিনিয়র ক্যাটাগরিতে সরকারি বিজ্ঞান কলেজ এবং সেকেন্ডারিতে ফায়ার বট এর জন্য টিভিএম দলীয় ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে।

নন ম্যাকানিক্যাল ক্যাটাগরিতে সিনিয়র গ্রুপে মাইক্রোসকপিক ফুয়েল জেনারেশনের জন্য ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ এবং সেকেন্ডারি গ্রুপে বাংলাদেশের ইকোসিস্টেম ধারণা দিয়ে একই কলেজের দল চ্যাম্পিয়ন হয়েছে।

অপরদিকে ওয়াল ম্যাগাজিন-এ সিনিয়র গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে রেভ্যুলেশন অব ইন্ডাস্ট্রি’র জন্য বটমূলী হোমস গার্লস হাই স্কুল (BHGHS) এর জুনিয়র; ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের (VNSC) ন্যানোটেক সেকেন্ডারি গ্রুপে এবং আদমজী ক্যান্টনমেন্ট কলেজ (ACC) পলিসাইটিক ওভারে সিনড্রম চ্যাম্পিয়ন হয়েছে।

এর আগে বৃহস্পতিবার সকাল ৯টায় ডিআরএমসি ক্যাম্পাস প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ‘১৫তম ডিআরএমসি বসুন্ধরা জাতীয় ও কোডেভার আন্তর্জাতিক বিজ্ঞান মেলা-২০২৪’ এর উদ্বোধন করেন  ডিআরএমসি অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ। সেদিন প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এর চেয়ারম্যান এডিআরএমসি’র বোর্ড অব গভর্নরস এর সাবেক সভাপতি মো. সোহরাব হোসাইন। বিশেষ অতিথি ছিলেন কার্নিভাল এর টাইটেল স্পন্সর বসুন্ধরা অয়েল অ্যান্ড গ্যাস কম্পানি লিমিটেডের প্রতিনিধি মো. মাকসুদুর রহমান ও প্লাটিনাম স্পনসর সামিট গ্রুপের সহ সভাপতি মোহাম্মদ ফরিদ খান। মহানগরীসহ সারা দেশের সাড়ে চার শতাধিক স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পাঁচ হাজারের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে এই মেলায়।